Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি : বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি : বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি : বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি জানিয়েছে বিএনপি। দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত হবে। মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, “কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া দলের গঠনতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন বা যেকোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের পার্লামেন্টারি বোর্ড, যা স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত, তার সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তফসিল ঘোষণার পর দলের কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তারেক রহমানের নির্দেশনা

রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন। ভার্চুয়ালি বা সরাসরি বৈঠকে তিনি মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতাকর্মীদের বলছেন, সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সকলে মিলে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কিন্তু এখনই কোনো মনোনয়ন দেওয়া হয়নি। কিছু পত্রপত্রিকায় সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের বিষয়টি আমরা দেখছি। এগুলো মনগড়া সংবাদ।”

জনগণের সঙ্গে সংযোগ জোরদারের তাগিদ

রিজভী জানান, তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের সঙ্গে সংযোগ জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান বলেছেন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। জনগণকে বিরক্ত করে এমন কোনো কাজে নেতাকর্মীরা জড়িত থাকবেন না। জনগণের রায় ধানের শীষের পক্ষে আসবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান নেতাকর্মীদের ডোর টু ডোর গিয়ে বিএনপির ৩১ দফা মুক্তির সনদ তুলে ধরার পরামর্শ দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা স্কুল, কলেজ, আদালত, রাস্তাঘাটে এই লিফলেট বিতরণ করছেন এবং জনগণের সঙ্গে বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা করছেন।”

‘কুচক্রী মহলের ষড়যন্ত্র’

রিজভী অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এই কুচক্রী মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে।”

বিএনপির প্রস্তুতি

রিজভী জানান, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, “উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top