ক্যালেন্ডারের পাতায় তারিখটা ৫; ঘড়িতে তখন ভোর ৫টা ৪৪ মিনিট। ঠিক এমন সময়ে দীঘির চোখে জল। কেন এই জল, নিজের ফেসবুকে জানিয়েছেন সদ্য নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি।
রোববার দুপুর ২টা ৪৮ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে দীঘি গল্পটা শুরু করেছেন এভাবে, ‘৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেল। খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫:৪৪, ঘুম ঘুম চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতিরঝিলে বিশাল একটা বিলবোর্ড। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম, চোখ দিয়ে পানি চলে আসছিল…।’
দীঘি আরও জানিয়েছেন, ‘প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না।’
ওই স্ট্যাটাসে দীঘি দাবি করেছেন, তাঁর অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে।
Welcome To B News Just another WordPress site
