Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » লক্ষ্মীপুরে হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে
লক্ষ্মীপুরে হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে

লক্ষ্মীপুরে হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে এক হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরেক কলেজছাত্রী সদস্য, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। আহত ইকরা আক্তার (১৭) রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী কামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর শাহিনুর বেগম সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে এক যুবক বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর ও তার মেয়েদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহিনুর ও শিফার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সায়মা ও ইকরাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন। ইকরার অবস্থা এখনও সংকটাপন্ন।

ঘটনার পর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত যুবক অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, হাসপাতালে আহত অবস্থায় পাঁচজনকে আনা হয়েছিল। এর মধ্যে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। আহত ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক গণপিটুনিতে আহত হয়ে পরে মারা যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top