পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের আগাম টিকেট বিক্রির দিন নির্ধারিত ছিল গত রবিবার। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকেট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে। আজ মঙ্গলবার সকালে বাসের অগ্রিম টিকেটের জন্য রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় করছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ আহমেদ সোহেল গণমাধ্যমকে জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেট দেওয়া হচ্ছে ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের। তিনি আরও জানান, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টারে আগাম টিকেট পাওয়া যাবে। কোনো ভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে দেখা গেছে, আগাম টিকেট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহণের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি শুরু হয়েছে সকাল ৬টা থেকে। মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়।
Welcome To B News Just another WordPress site
