Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » যমজ দুই বোন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন
যমজ দুই বোন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন

যমজ দুই বোন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন

দিনাজপুরের বোচাগঞ্জে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন যমজ দুই বোন। তাদের এই সাফল্যে পরিবারসহ এলাকায় আনন্দ বিরাজ করছে।

দুই যমজ বোন বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা মশিউর রহমানের মেয়ে মাখনুন আক্তার ও মুসফিকা নাজনিন। মশিউর রহমান পেশায় মুরারিপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মাখনুন আক্তার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এবং তার যমজ বোন মুসফিকা নাজনিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

মাখনুন আক্তার ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ৫ নম্বর এবং মুসফিকা নাজনিন রোল নম্বর ৮০ দশমিক ৫ নম্বর অর্জন করেন। তারা দুজনই একই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।মাখনুন আক্তার ও মুসফিকা নাজনিন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে তারা সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

তাদের বড় বোন মাইমুনা আক্তার মিম বলেন, আমার ছোট দুই বোন মেডিক্যালে চান্স পেয়েছে—এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় আনন্দের বিষয়। আল্লাহ যেন তাদের দিয়ে দেশ ও সমাজের কল্যাণমূলক কাজ করান।

মা নাজমুন নাহার বলেন, আমার দুই মেয়ে মেডিক্যালে চান্স পেয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত।

বাবা মশিউর রহমান বলেন, আমার তিনটি মেয়ে কোনো ছেলে নেই। কিন্তু আমি কখনো আক্ষেপ করিনি। আমি বিশ্বাস করি, সন্তান ছেলে হোক বা মেয়ে—শিক্ষাই আসল পরিচয়। আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করেছেন। তারা যেন ভালো ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে পারে এই দোয়া চাই।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা বেগম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই তারা অত্যন্ত নিয়মিত ও মনোযোগী ছিল। কখনো ক্লাস ফাঁকি দিত না। তখনই বুঝেছিলাম—ওরা একদিন বড় কিছু করবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top