টি.এ.কে আজাদ: ফ্যাসিবাদের সহায়ক দাবি করে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব ধরনের সাহায্য করেছে এবং যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইনানুযায়ী বিচারের আওতায় আনা উচিত।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।
এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে, যদিও ব্যাপারটা স্তিমিত হয়ে যাচ্ছে। আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে, পারসোনাল থ্যাংকস দিচ্ছি এ কারণে যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি।’
শামীম হায়দার পাটোয়ারীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক দেশে যে কেউ অন্যের বিরুদ্ধে কথা বলার বা সমালোচনা করার অধিকার রাখে।
তবে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যক্কারজনক।’
শামীম পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনো তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি (শামীম) কিসের দায় দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন।
তখন জাতীয় পার্টি কোথায় ছিল?’
রুহুল কবীর রিজভী বলেন, ‘কে রাজনীতি করবে, আর কে করবে না; এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না। উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি।’