বলিউডের অনেক নায়ক-নায়িকার ক্যারিয়ার গড়ে দিয়েছেন তিনি। নিজে এখনও ব্যাচেলর থাকলেও অনেকের সংসারও গড়ে দিয়েছেন। বিপদে আপদে তিনিই ছুটে যান সবার আগে। বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান আরও একবার মানবিকতা দেখালেন। তার একসময়ের সহ-অভিনেত্রী গুরুতর অসুস্থ পূজা দাদওয়ালের চিকিত্সায় সহযোগিতার হাত বাড়ালেন সালমান।
পূজার ছবিটা প্রথম যে দিন ছবিটা প্রকাশ্যে আসে, চমকে উঠেছিলেন অনেকেই। নাকে নল লাগানো চেহারাটা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি এক সময় ছিলেন সালমান খানের নায়িকা। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া মুভি ‘বীরগতি’ তে সালমান খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন পূজা। কয়েকদিন আগেই যক্ষায় গুরুতর অসুস্থ পূজার ছবি মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ওই সময় সংবাদমাধ্যমকে পূজা বলেছিলেন, তার এক সময়ের সহকর্মী সালমান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। সালমান সাহায্য করলে নির্বান্ধব পরিস্থিতিতে যে তার উপকার হবে সে ইঙ্গিতও দিয়েছিলেন। অবশেষে এল সেই সময়। সংবাদমাধ্যমের কল্যাণেই পূজার খবর পৌঁছে গেল ভাইজানের কাছে।
পুনেতে সাংবাদিকদের সালমান বলেন, ‘আমি সবে শুনেছি পূজার কথা। যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আমার টিম ব্যবস্থা করছে। আমি জানতামই না, ও এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে।’
পূজা নিজেই জানিয়েছেন, গত কয়েক বছর ধরে গোয়ায় ক্যাসিনো ম্যানেজমেন্টের কাজ করতেন।ঘনিষ্টজনেরা বলছেন, পূজা অসুস্থ হওয়ার পর তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা তাকে ছেড়ে চলে গেছে! এর আগে অভিনেতা রবি কিষাণ পূজাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এবার এগিয়ে এলেন সালমান। সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রী।
Welcome To B News Just another WordPress site
