Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি আসবে

সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি আসবে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সেপ্টেম্বরে নিউক্লিয়ার ফুয়েল (পারমাণবিক জ্বালানি) আসবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

সোমবার (৩১ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

আলেক্সি লিখাচেভ বলেন, শত বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলছে। আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশে আসবে এ প্ল্যান্টের জন্য নিউক্লিয়ার ফুয়েল।

সাক্ষাৎকালে রোসাটোম মহাপরিচালক রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং এ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা করেন তারা।

এসময় করোনা মহামারি এবং বৈশ্বিক সংকটের মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ায় রাশিয়াকেও ধন্যবাদ জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। আগামীতেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top