২০২৩ সাল থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে এক পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন করে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন তারা এখন থেকেই সপ্তাহে দুই দিন ছুটি পাবেন।
জানা গেছে, সরকারি ছুটি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কেবল শুক্রবার। এই ছুটি বাড়াতে প্রস্তাব করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
প্রস্তাবে বলা হয়, ছুটি বাড়ালেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনও ক্ষতি হবে না।
বিদ্যমান সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে ২১৫ দিন। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে ১৮৫ দিন। কারণ, অনেক শনিবারে সরকারি ছুটি থাকে প্রতিবছর।
এর আগে এনসিটিবি কর্মকর্তারা বলেছিলেন, দুই দিন ছুটি থাকলেও শিক্ষার্থীদের বাসার যে কাজ দেওয়া হয় তাতে তা লার্নিং আওয়ার কমবে না। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই প্রস্তাব করা হয়।
দুই দিন ছুটির পক্ষে আরো যুক্তি ছিল, এতে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক চাপ কমবে। এ ছাড়া ইংরেজি মাধ্যম স্কুল এবং বেশ কিছু বেসরকারি স্কুল সপ্তাহে দুইদিন ছুটি চালু রেখেছে।
Welcome To B News Just another WordPress site
