নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা চুনের কারখানার চুন বোঝাই ট্রাক চাপায় জুনায়েদ হোসেন (১২) নিহত হয়েছে। রবিবার বিকেলে ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্র জুনায়েদ হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপারবাগ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুলছাত্র নিহতের ঘটনায় তার সহপাঠির হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা চুনের কারখানাটি অবৈধ গ্যাস দিয়ে কারখানা চালানোর অভিযোগে কয়েকবার প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সিলগালা করে দেন। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধ কারখানাটি চালিয়ে যাচ্ছে। এই কারখানার সামনের রাস্তাটি মাত্র ৮ ফুট। সেই রাস্তায় ৮ ফুট প্রশস্তের একটি ট্রাক চলার মতো নয়।
নিহতের সঙ্গে থাকা তার মামা নুরন্নবি জানান, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় গড়ে উঠা চুনের কারখানার সামনে দিয়ে তারা দুজন সাইকেল দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ট্রাকটিকে দেখে তারা সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে যান। এরপরও পর চুন বোঝাই ট্রাকটি তার ভাগিনাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার ভাগিনা জুনায়েদ নিহত হয়।
থানায় আটক ট্রাক চালক রফিক মিয়া জানান, গাড়ি কারখানার ভেতরে নেওয়ার সময় অসাবধানতা বশত চাকার চাপায় ছেলেটি নিহত হয়েছে। গাড়ির লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাত্র দু’বছর ধরে আমি গাড়ি চালাই। কাগজ জমা দেওয়া এখনো লাইসেন্স পাইনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় নতুন সড়ক আইনে মামলা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Welcome To B News Just another WordPress site
