মাত্র ১৭ বছর ১৭৫ দিন বয়স রিয়ান পরাগের। তবে এ বয়সেই চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ হাফ সেঞ্চুরি তুলে রেকর্ড করেছেন পরাগ।
চলমান আইপিএল থেকে আগেই প্লে-অফে খেলা থেকে প্রায় ছিটকে গেলেও গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিততে পারলে সমীকরণটা পাল্টে যেতো রাজস্থান রয়্যালসের। দিল্লির বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে রাজস্থান। তবে সেই ম্যাচে প্রাপ্তি বলতে রিয়ান পরাগের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া।
দলের মান বাঁচানো অর্ধশতকের পথে পরাগ পেছনে ফেলেছেন সতীর্থ সাঞ্জু স্যামসনকে।
প্রথমে ব্যাট করে ইশান্ত শর্মা ও অমিত মিশ্রের মারাত্মক বোলিংয়ে ১১৫ রানে গুঁড়িয়ে যায় রাজস্থান। ওই রান ২৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে টপকে যায় দিল্লি। এ জয়ে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এক ম্যাচ কম খেলা চেন্নাই সুপার কিংসের সমান ১৮।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন কাল হয়েছে রাজস্থানের। শুরু থেকেই তারা পড়ে বিপদে। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতন আটকাতে পারেনি রাহানের দল।
একটা প্রান্ত ধরে যা লড়েছেন রিয়ান পরাগ। ছয় নাম্বারে নেমে তিনি ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে ফেরেন শেষ ব্যাটসম্যান হিসেবে। বাকিদের মধ্যে দুই অংক পেরুতে পেরেছেন কেবল ওপেনার লিভিংস্টোন (১৪) আর শ্রেয়াস গোপাল (১২)।
দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা আর অমিত মিশ্র নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট পান ট্রেন্ট বোল্ট।
লক্ষ্য মাত্র ১১৬ রানের। দিল্লিও অবশ্য ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল। তবে রিশাভ পান্তের হার না মানা ৫৩ রানে জয় পেতে কষ্ট হয়নি স্বাগতিকদের। ৩৮ বলের ইনিংসে পান্ত ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। রাজস্থানের ইশ সোধি ৩টি আর শ্রেয়াস গোপাল নেন ২টি উইকেট।
পরাগ ৪৯ বলে ৫০ রান করে শেষ ওভারে ট্রেন্ট বোল্টকে দুই ছক্কা মেরে ৪৭ বলে করেন ফিফটি। অবশ্য এক বল পর ইনিংসের শেষ বলে বোল্টের বলেই আউট হন ওই ৫০ রানেই। এবারই প্রথমবারের মত খেলেছেন আইপিএল, কালকের আগে ৬ ম্যাচ খেলে ব্যাট করার সুযোগ পেয়েছেন ৪ টিতে। দুটি চল্লিশোর্ধ ইনিংসে করেছেন ১১০ রান। গতকাল সুযোগ পেয়ে ফিফটি করে গড়েছেন আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে নয়া এই রেকর্ড।
পরাগের আগে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ডে ভাগ ছিল দুজনের। ২০১৩ সালে ১৮ বছর ১৬৯ দিনে ফিফটি পেয়েছেন রাজস্থান উইকেট কিপার সাঞ্জু স্যামসন, ২০১৮ সালে ১৮ বছর ১৬৯ দিনে ফিফটি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ।
Welcome To B News Just another WordPress site
