ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকালে লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় প্রবেশের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টা উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।
কোটচাঁদপুর রেলস্টেশনের বুকিং অ্যাসিসটেন্ট তুহিন জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশনের সিগনালের কাছে আসামাত্র ইঞ্জিনসহ একটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে লাইনের দুই স্থানে এবং সিগনালের ব্যাপক ক্ষতি হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন।
Welcome To B News Just another WordPress site
