গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইকের সংঘর্ষ, পুলিশসহ নিহত ৪
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এতে ইজিবাইকটির চালক আজাদ সেখ (২৬) ও মাইক্রোবাসে থাকা সদর থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনসহ (৩২) তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে এক কিশোরীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।এ ছাড়া আহত বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Welcome To B News Just another WordPress site
