Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » জীবন বীমা করপোরেশনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা

জীবন বীমা করপোরেশনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা

জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ পরীক্ষার সব কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মাদ ফারুক হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, জেনারেল ম্যানেজার (প্রশাসন) এস এম মেজবাউল ইসলাম এবং ম্যানেজারকে (প্রশাসন) আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টায় সহকারী ম্যানেজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে গত মাসের ২৪ তারিখে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন সংক্ষুব্ধ কাউছারসহ ১১ জন।

এ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের, যুগ্ম সচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি প্রেরণ করা হয় জীবন বীমা করপোরেশনে। এর পরও ওই প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে রিট আবেদনটি দায়ের করেন।  আজ সে রিটের শুনানি করে আদালত এ নিষেধাজ্ঞা দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জীবন বীমা করপোরেশনে সহকারী ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু এ পদে যোগ্যতা না থাকা সত্ত্বেও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী আনুমানিক ৪০০ জন। তাঁদের আবেদনের বিপরীতে কার্ড ইস্যু করে লিখিত পরীক্ষাও নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে রিটকারী আইনজীবী মোহাম্মাদ ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, জীবন বীমা কর্তৃপক্ষ সহকারী ম্যানেজার পদে গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার যে লিখিত পরীক্ষা নিয়েছে, তা নিয়োগ বিজ্ঞপ্তি ও জীবন বীমা করপোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ১৯৯২ এবং সংবিধানের ২৯ অনুচ্ছেদের পরিপন্থী।

ফারুক হোসেন আরো বলেন, এ বিষয়টি আদালত বিবেচনা করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞাসহ রুল জারি করেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top