প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এই বছরের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু।
বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ।
বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলছে।
‘২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে,’ বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসে সব চেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমূহের একটি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে সংশোধিত ব্যয় বেড়ে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা হয়েছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।
Welcome To B News Just another WordPress site
