কানাডায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। দেশটির সাসকেচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলের লা লোশ আদিবাসীদের কমিউনিটি স্কুলে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।
কী কারণে বা কীভাবে এ হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লা লোশ কমিউনিটি স্কুলটিতে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে। এটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া হয়। স্কুলটির দশম শ্রেণির নোয়েল নামে এক শিক্ষার্থী বলে, “হামলার সময় দ্রুত স্কুলের বাইরে বেরিয়ে আসি আমি। সে সময় আতঙ্কে সবাই চিৎকার করতে থাকে। আমি বের হওয়ার আগেই ছয় থেকে সাতটি গুলির আওয়াজ শুনতে পাই। আমি বেরিয়ে আসার পর নিশ্চয়ই সেখানে আরো গোলাগুলি হয়েছে।”
সাসকেচুয়ান প্রদেশের মুখ্যমন্ত্রী ব্র্যাড ওয়াল অভিযুক্তকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তবে হতাহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, “আজকের ঘটনা দেশের প্রত্যেক অভিভাবকের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে থাকবে।” ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
Welcome To B News Just another WordPress site
