Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না। বাজারে বর্তমানে তেলের যে সাময়িক টানাপোড়েন দেখা যাচ্ছে, তার মূল কারণ হলো সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। অনেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন, যার ফলে সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।”

সাম্প্রতিক দিনগুলোতে কিছু জায়গায় নির্ধারিত মূল্যের চেয়ে সামান্য বেশি দামে তেল বিক্রির খবর গণমাধ্যমে আসার প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। মন্ত্রী জানান, আমদানিকারক ও রিফাইনারি মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী দেশে তেলের কোনো ঘাটতি নেই। তিনি ভোক্তাদের অনুরোধ জানিয়ে বলেন, “আতঙ্কিত হয়ে বেশি বেশি পণ্য কেনার প্রয়োজন নেই। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার সুযোগ পায়।”

জ্বালানি তেল বা গ্যাসের সংকটের গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, “জ্বালানি তেল, গ্যাস কিংবা ভোজ্যতেল—কোনো পণ্যেই সংকট নেই। তাই ‘সংকট’ শব্দটি ব্যবহার করে বাজারে অযথা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।”

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত দাম নিলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top