জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, জাতিসংঘের এই বার্ষিক অনুষ্ঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চস্তরের আলোচ্য সূচিতে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে।’ গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যা দেখছি তা হলো সংঘাত ও দায়মুক্তির বোধের বহুগুণে বৃদ্ধি।
ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়, এতে ১,২০০ জনেরও বেশি ইসরাইলির প্রাণহানি ঘটে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ হাজার ২৭২ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।
আশঙ্কা করা হচ্ছে, এই সংঘর্ষ লেবাননে ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বেশ কয়েকটি মারাত্মক বিস্ফোরণ ঘটেছে।
একজন কূটনীতিক বলেছেন, এর ঝুঁকিগুলোর অন্যতম এবং ঝুঁকির চেয়েও বেশি হলো যে ‘ভবিষ্যতের শীর্ষ সম্মেলন’টিকে ‘অতীতের শীর্ষ সম্মেলনের’ মতোই দেখাতে পারে এবং সর্বোত্তম পরিস্থিতিতে ‘বর্তমানের শীর্ষ সম্মেলনের’ বেশি কিছু মনে না-ও হতে পারে।
গুতেরেস এই শীর্ষ সম্মেলনের গুরুত্ব রয়েছে বলে জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো সমাধান করতে আমাদের সক্ষমতার চেয়েও দ্রুত এগিয়ে চলেছে।’ তিনি বলেন, ‘আমরা ভূ-রাজনৈতিক বিভাজনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখছি এবং দেখতে পাচ্ছি, শুধু ইউক্রেন, গাজা, সুদানে নয়, এর বাইরেও সংঘাত নিয়ন্ত্রণের সীমা ছাড়াচ্ছে, জলবায়ু পরিবর্তন, অসমতা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলো মোটেই এর সঙ্গে তাল মেলাতে পারছে না।’
আইসিআরসির জাতিসংঘের প্রতিনিধি ল্যাটিটিয়া কোর্তোয়া বলেছেন, সংঘাত ‘পরবর্তী প্রজন্মের জন্য উদ্দেশ্য’ হিসেবে নয়, ‘এখনই’ মোকাবেলা করা অত্যাবশ্যক।
এ শীর্ষ সম্মেলনের পর সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চস্তরের সপ্তাহ শুরু হবে। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র এতে ভাষণ দেবে। শুরু হবে ব্রাজিলকে দিয়ে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পালা। প্রেসিডেন্ট জো বাইডেন এতে ভাষণ দেবেন। তিনি অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বক্তর্য রাখতে পারেন।
ধারণা করা হচ্ছে, চীন ও রাশিয়ার নেতারা বিগত বছরগুলোর মতো অধিবেশনে অনুপস্থিত থাকবেন। তবে ব্রিটেনের কেয়ার স্টারমার, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি ও ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা উপস্থিত থাকবেন।
২০২৩ সালে ইউক্রেনের জেলেনস্কি অধিবেশনে তারকা আকর্ষণ ছিলেন। একজন কূটনীতিক বলেন, এই বছর স্পটলাইটে থাকতে তাকে বেশ বেগ পেতে হবে। তবে ইতোমধ্যে আলোচিত ‘বিজয়ের পরিকল্পনা’ নিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন, এটা বেশ স্পষ্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিরেশন উপলক্ষে গালা ইভেন্টের আগে জাতিসংঘের রিভারফ্রন্ট সদর দপ্তরের চারপাশে ইস্পাতের একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এদিকে এ সময় অবিরাম ভিআইপি মোটরবহর চলাচল এবং সড়ক বন্ধের কারণে ট্রাফিক অচলাবস্থার জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রস্তুত হচ্ছে।
Welcome To B News Just another WordPress site
