মাকে হত্যার অভিযোগে সুমন ঘোষ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুমনের বাড়ি গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লায়। তার বাবার নাম আশু ঘোষ। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি।
মামলার বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, সুমন মাদকাসক্ত। নেশা করার জন্য সুমন গত ৬ জানুয়ারি তার মা শঙ্করী রানীর কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তার মাকে পিটিয়ে আহত করেন। এরপর সুমন পালিয়ে যান।
এদিকে ঘটনার পর শঙ্করীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সুমনের বিরুদ্ধে তার বাবা আশু ঘোষ হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।
Welcome To B News Just another WordPress site
