বিশ্বকাপে ২০২০ সালে জয়ের স্বাদ পেয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এবার প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে নতুন যুবা টাইগাররা। এমন জয় স্বাভাবিকভাবে টাইগার ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে দারুণ অনুভূতি তৈরি করেছে। স্মরণীয় এমন মুহূর্ত এনে দেয়ায় চ্যাম্পিয়ন ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল (১৭ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জুনিয়র টাইগাররা দেশে ফিরছে। দেশে ফিরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন তারা।
এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানিয়েছেন, বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন।
এশিয়া কাপের এবারে আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। যুব এশিয়া কাপ আসরের গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পরে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যা আসরের অন্যতম শক্তিধর দল। কিন্তু বাংলাদেশ অনায়াসেই জয় পায় ম্যান ইন ব্লুদের বিপক্ষেও। ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা।
Welcome To B News Just another WordPress site
