দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেয়ার খবরকে শুভ সংবাদ বলেছেন
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি রাজনীতির জন্য একটি শুভ সংবাদ। বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশ নেয়ার কোনো বিকল্প নেই। আশা করছি, নির্বাচনী রাজনীতিতে বিএনপির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় তিনি বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান।
বঙ্গবন্ধু টানেল প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশের সিংহভাগ আমদানি-রফতানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সব যোগাযোগ চট্টগ্রাম হয়েই। উন্নয়নের ধারাবাহিকতায় সরকার চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহে রূপান্তরের যে অবিরাম প্রয়াস, তারই ধারাবাহিকতায় কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস।
Welcome To B News Just another WordPress site
