মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপূণ্যে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ভারত জয়ের নায়কের সঙ্গে সেলফি তুলেছেন বলিউড তারকা আরবাজ খান।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক আরবাজ খান।
মুশফিকুর রহিমের প্রশংসা করে বলিউডের এই অভিনেতা লেখেন, ‘বিজয়ী বাংলাদেশি ক্রিকেট দলের সঙ্গে দিল্লি বিমানবন্দরে। মুশফিকুর রহিম সত্যি অসাধারণ। সামনের দিকে তাকিয়ে আছি। আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আরও আসছে।’
রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হেরে প্রথমে ব্যাট করে শফিউল ইসলামের গতি আর তরুণ আমিনুল ইসলাম বিপ্লবের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস গুটায় স্বাগতিক ভারত।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
Welcome To B News Just another WordPress site
