স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের।
যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে এই চুক্তির অংশ হিসেবে মুক্তি জন্য বন্দিদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রথম ধাপে যে তিন নারী মুক্তি পেতে যাচ্ছেন তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে এই সংঘাতের শুরু হয়েছিল।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার একটি বড় অংশ নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ, তথা ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
Welcome To B News Just another WordPress site
